প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১০:৪৭ এএম
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে পরিচিত মোজতবা খামেনি-কে ঘিরে জল্পনা ক্রমেই বাড়ছে। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
সাম্প্রতিক এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। এ কারণে তিনি আদৌ জীবিত আছেন কি না—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মার্কিন এই নেতা।
ট্রাম্প বলেন, এখন পর্যন্ত কেউ নিশ্চিতভাবে মোজতবার উপস্থিতির প্রমাণ দেখাতে পারেনি। তিনি আরও দাবি করেন, বিভিন্ন সূত্র থেকে তিনি শুনেছেন যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়তো জীবিত নাও থাকতে পারেন।
তবে একই সাক্ষাৎকারে তিনি এটিও উল্লেখ করেন যে, এ ধরনের খবর গুজবও হতে পারে।
ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। তবে তিনি বলেন, এমন কিছু ব্যক্তি আছেন যাঁরা ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখেন।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান একটি সমঝোতা চুক্তি করতে আগ্রহী হলেও বর্তমান শর্তগুলো তার কাছে সন্তোষজনক নয়। তাই এই মুহূর্তে তিনি কোনো চুক্তিতে যেতে চান না বলেও জানান।



