প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১১:২৮ পিএম
ইসরায়েলের হামলায় গুরুতর আহত হওয়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-কে জরুরি চিকিৎসার জন্য রাশিয়ার রাজধানী মস্কোতে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। কুয়েতভিত্তিক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি তেহরান ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে ওই হামলায় মোজতবা খামেনিও গুরুতর আহত হন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়।
হামলার পর তাকে তেহরানের একটি বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য গোপনে রাশিয়ায় নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর উদ্যোগে একটি সামরিক বিমানে করে মোজতবা খামেনিকে মস্কোতে আনা হয় বলে দাবি করা হয়েছে। সেখানে একটি বিশেষ সরকারি আবাসনে রেখে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
আরও দাবি করা হয়েছে, সংঘাতের শুরুতেই তিনি গুরুতর আহত হন এবং তার শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি তার একটি বা দুটি পা কেটে ফেলতে হয়েছে বলেও কিছু সূত্রের বক্তব্যে উল্লেখ রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরান।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন সর্বোচ্চ নেতা আহত হয়েছেন বলে তাদের ধারণা রয়েছে এবং তিনি সম্ভবত অঙ্গহানির শিকার হয়েছেন।
অন্যদিকে ইরানের কর্মকর্তারা শুধু আহত হওয়ার বিষয়টি স্বীকার করলেও তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। দেশটির একাধিক সূত্র জানিয়েছে, নতুন নেতার অবস্থান ও শারীরিক পরিস্থিতি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।



