রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ড্রোন হামলার অভিযোগে আফগানিস্তানকে সতর্ক করল পাকিস্তান

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১১:৫৯ পিএম

ড্রোন হামলার অভিযোগে আফগানিস্তানকে সতর্ক করল পাকিস্তান

ফাইল ছবি

আফগানিস্তান থেকে পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন হামলার চেষ্টা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, বেসামরিক এলাকায় হামলার চেষ্টা চালিয়ে আফগানিস্তান একটি ‘লাল রেখা’ অতিক্রম করেছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, শনিবার আফগানিস্তান সীমান্ত এলাকা থেকে কয়েকটি ড্রোন পাকিস্তানের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়। এর মধ্যে রাজধানী ইসলামাবাদের কাছাকাছি রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনা সদর দপ্তরও লক্ষ্যবস্তু ছিল বলে জানা গেছে। তবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সব ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ড্রোনগুলো ধ্বংস করা হলেও এর ধ্বংসাবশেষ কোয়েটা, কোহাট ও রাওয়ালপিন্ডি এলাকায় পড়ে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বেসামরিক এলাকায় হামলার চেষ্টা করে আফগান তালেবান সীমা অতিক্রম করেছে। তিনি সতর্ক করে বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত পাকিস্তান।

বিশ্লেষকদের ধারণা, এর আগে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন স্থানে পাকিস্তানের হামলার জবাব হিসেবেই এই ড্রোন হামলার চেষ্টা চালানো হয়ে থাকতে পারে।

এদিকে ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগান ভূখণ্ড পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর আশ্রয়স্থলে পরিণত হয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে।

চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, তাই আলোচনার মাধ্যমে দ্রুত উত্তেজনা কমানো জরুরি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!