রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ৪০০ নিহতের দাবি তালেবানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:৫৬ এএম

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ৪০০ নিহতের দাবি তালেবানের

ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় অন্তত চার শতাধিক মানুষ নিহত এবং প্রায় আড়াই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান সরকার। তবে পাকিস্তান এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে এটিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরত জানান, সোমবার রাত প্রায় ৯টার দিকে কাবুলের ‘ওমিদ’ নামে দুই হাজার শয্যাবিশিষ্ট একটি মাদক নিরাময় কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তিনি বলেন, হামলার ফলে হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং এখনো ধ্বংসস্তূপ থেকে মানুষ উদ্ধারের কাজ চলছে।

তার দাবি অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। উদ্ধারকাজ শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তালেবান সরকারের এই দাবিকে ঘটনার বিকৃতি বলে উল্লেখ করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, কাবুল ও নানগারহার এলাকায় জঙ্গিদের আস্তানা ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছিল। পাকিস্তানের দাবি, তাদের নাগরিকদের ওপর হামলা চালানো সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।

পাকিস্তান আরও জানিয়েছে, কোনো হাসপাতাল বা বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেনি এবং বেসামরিক হতাহতের অভিযোগ সঠিক নয়।

গত কয়েক মাস ধরে সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদ ইস্যুতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। পাকিস্তানের অভিযোগ, তাদের দেশে হামলা চালানো জঙ্গিরা আফগানিস্তানে আশ্রয় পাচ্ছে। অন্যদিকে তালেবান সরকার এই অভিযোগকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যার ফল বলে দাবি করছে।

এদিকে এই ঘটনার পর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আফগানিস্তানে দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট। তিনি উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতাল ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!