প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৪:১৪ পিএম
হরমুজ প্রণালিতে পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। মঙ্গলবার প্রণালি অতিক্রমের সময় জাহাজটি আটক করা হয়।
ইরানি কর্তৃপক্ষ জানায়, ‘সেলেন’ নামের জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে যাচ্ছিল। তবে হরমুজ প্রণালিতে প্রবেশের আগে প্রয়োজনীয় অনুমতি না নেওয়ায় জাহাজটিকে আটক করা হয়।
পরবর্তীতে জাহাজের ক্যাপ্টেন ও নাবিকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাহাজটি ছেড়ে দেওয়া হলেও প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়নি। জাহাজটিকে বিকল্প পথ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা মেনে এটি পিছু হটে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করা এবং পূর্বানুমতি না নেওয়ার কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা ও অবরোধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে চাপ বাড়ছে। ইরানের সঙ্গে সংঘাত নিরসনে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়ায় পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে পাকিস্তান এ বিষয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
এমন প্রেক্ষাপটে প্রণালিতে পাকিস্তানি জাহাজ আটকের ঘটনা নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



