প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৪:২১ পিএম
মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৫ মার্চ) ইরানের পক্ষ থেকে জানানো হয়, একটি মার্কিন এফ-১৮ হর্নেট যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও কোথায় এ ঘটনা ঘটেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং পাইলটের অবস্থা কী—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ একটি মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আকাশে উড়ন্ত একটি যুদ্ধবিমানের কাছে হঠাৎ বিস্ফোরণের ঝলক দেখা দেয়। এরপর বিমানটি অস্থির হয়ে পড়ে এবং ধোঁয়া বের হতে দেখা যায়।
এফ-১৮ হর্নেট একটি বহুমুখী যুদ্ধবিমান, যা বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করতে সক্ষম। এটি মার্কিন নৌবাহিনী ও মেরিন বাহিনী নিয়মিত ব্যবহার করে থাকে, বিশেষ করে আরব সাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ইরানের এই দাবিকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের হামলায় কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।
এর আগেও ইরান একাধিকবার মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করলেও সেগুলো যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে।



