প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:৩৬ পিএম
পারস্য উপসাগরে নজরদারির সময় যুক্তরাষ্ট্রের একটি উন্নত প্রযুক্তির সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। গত ৯ এপ্রিল হরমুজ প্রণালির আকাশে এ ঘটনা ঘটে।
বিধ্বস্ত ড্রোনটি ছিল এমকিউ-৪সি ট্রাইটন মডেলের, যা দীর্ঘ সময় ধরে উচ্চ আকাশে থেকে নজরদারি চালাতে সক্ষম। অত্যাধুনিক এই ড্রোনকে অনেক সময় ‘ডানাযুক্ত উপগ্রহ’ বলা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ডলার।
ড্রোনটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান নর্থরুপ গ্রুম্যান। এটি ভূমধ্যসাগরের সিসিলিতে অবস্থিত একটি নৌঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, নিয়মিত নজরদারি শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ বিপদ সংকেত পাঠাতে শুরু করে এবং এরপর এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা থেকে এটি দ্রুত নিচে নেমে আসে এবং এরপর আর কোনো অবস্থান শনাক্ত করা যায়নি।
ড্রোনটি কোনো হামলায় বিধ্বস্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
ঘটনাটি এমন সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, ফলে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



