রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইউক্রেনের শপিং মলে জোড়া ড্রোন হামলায় নিহত ১৬

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৯:৪১ এএম

ইউক্রেনের শপিং মলে জোড়া ড্রোন হামলায় নিহত ১৬

ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহতে একটি বড় বিপণিবিতানে জোড়া ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবারের এ হামলায় আহত হয়েছেন আরও ১৩০ জন। আহতদের মধ্যে ২৩টি শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলার পর বিপণিবিতানটিতে আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। এ সময় আরও একটি ড্রোন হামলা হয় বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন। তার দাবি, প্রথম হামলার পর উদ্ধারকর্মীরা যখন আহত ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ব্যস্ত ছিলেন, তখন দ্বিতীয় হামলাটি চালানো হয়।

শহরটির প্রতিরক্ষা পরিষদের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানিয়েছেন, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যাচ্ছে না। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রিভি রিহর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহর। হামলার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে একে অত্যন্ত নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং ইউক্রেনের পক্ষ থেকে জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। রাশিয়ার পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একই দিনে ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভে পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। খারকিভ অঞ্চলেও প্রাণহানির খবর পাওয়া গেছে। এর এক দিন আগে রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছিলেন।

অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দূরপাল্লার ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের মধ্যে পাল্টাপাল্টি হামলার তীব্রতা আরও বাড়ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!