রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অবরোধ না তুললে হরমুজ প্রণালি খুলবে না ইরান

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:২৩ এএম

অবরোধ না তুললে হরমুজ প্রণালি খুলবে না ইরান

ফাইল ছবি

বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত প্রণালিটি পুরোপুরি চালু করা হবে না।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এক ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোলেও এখনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। তাঁর ভাষায়, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও সময় লাগবে।

চলমান সংঘাত বন্ধে আলোচনা অব্যাহত থাকলেও দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, হরমুজ প্রণালি ইস্যুতে কোনো ধরনের চাপ প্রয়োগের চেষ্টা করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকেও জানানো হয়েছে, দেশের নৌবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তা শত্রুপক্ষকে সহায়তা হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার প্রণালিটি অল্প সময়ের জন্য খোলা হলেও নিরাপত্তা ঝুঁকির কারণে বেশিরভাগ তেল ও গ্যাসবাহী জাহাজ ফিরে যায়। ফলে দিনের শেষে ওই পথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।

এদিকে, কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই একটি চূড়ান্ত সমঝোতা হতে পারে। তবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ও প্রণালির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধ এখনো বড় বাধা হিসেবে রয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!