প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৮:৩৭ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের মধ্যেই ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ‘শুজা-২’ নামের জাহাজটি ইরানের বন্দর আব্বাসের নিকটবর্তী শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করে ভারতের কান্ডলা বন্দরের উদ্দেশে রওনা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত তথ্যে জানা যায়, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালিতে চলাচল করছে এবং নির্ধারিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে।
এর আগে ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনী অবরোধ কার্যকর করে। এমন পরিস্থিতিতে ইরানি জাহাজের চলাচল আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
এদিকে, এই উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। সাম্প্রতিক সময়ে তেলের দামে আবারও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ইরানের বন্দরগামী জাহাজে নজরদারি ও অবরোধ জোরদার হওয়ার পর তেলের দাম কয়েক শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান অস্থিরতা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কাই মূলত দামের এই বৃদ্ধির কারণ। কারণ বিশ্বব্যাপী সরবরাহকৃত তেলের একটি বড় অংশ—প্রায় এক-পঞ্চমাংশ—এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়েই পরিবহন করা হয়।



