প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১০:৪৪ এএম
ইন্দোনেশিয়ার উপকূলের কাছে বিশাল প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইতালির জ্বালানি কোম্পানি এনি। এই আবিষ্কার দেশটির জ্বালানি খাতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, পূর্ব কালিমান্তান প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এই গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক হিসেবে এখানে প্রায় ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এবং প্রায় ৩০ কোটি ব্যারেল তরল জ্বালানি মজুত রয়েছে।
ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, এই আবিষ্কারের ফলে ২০২৮ সালের মধ্যে এনির গ্যাস উৎপাদন তিনগুণ পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে দৈনিক উৎপাদন যেখানে ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট, তা প্রথমে ২ হাজার এবং পরে ৩ হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বাহলিল লাহাদালিয়া একে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ২০২৮ সালের মধ্যে দৈনিক প্রায় ৯০ হাজার ব্যারেল তরল জ্বালানি উৎপাদন সম্ভব হবে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। এতে দেশটির তেল আমদানির ওপর নির্ভরতা কমবে।
বিশ্ববাজারে জ্বালানির দামের অস্থিরতার মধ্যে এই আবিষ্কার ইন্দোনেশিয়ার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দেশটি নিজে তেল উৎপাদন করলেও এখনো জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল এবং ভর্তুকি দিয়ে থাকে।
এদিকে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান বিভিন্ন আন্তর্জাতিক নেতার সঙ্গে জ্বালানি ও নবায়নযোগ্য শক্তি সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন, যা দেশটির দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশলকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।



