প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:০৫ পিএম
হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের দাইয়্যার বন্দরের একটি ডকে নোঙর করা কয়েকটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ করছে, তবে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বন্দরের ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এই অগ্নিকাণ্ড এমন এক সময়ে ঘটেছে, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। একদিকে বন্দরে রহস্যজনক আগুন, অন্যদিকে সাগরে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর সাম্প্রতিক তৎপরতা বেসামরিক মানুষের জন্য ঝুঁকি তৈরি করছে এবং এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। বন্দরের আগুনের পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে দেশটির নিরাপত্তা বাহিনী।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন, হরমুজ প্রণালিতে ইরানের সাতটি দ্রুতগতির নৌযানে হামলা চালানো হয়েছে। তবে ইরান জানিয়েছে, ওই নৌযানগুলো তাদের বিশেষ বাহিনীর নয়, বরং সাধারণ বেসামরিক মানুষের ছিল।
ইরান আরও দাবি করেছে, মার্কিন যুদ্ধজাহাজগুলো রাডার বন্ধ রেখে প্রণালিতে প্রবেশের চেষ্টা করেছিল। পরে রাডার চালু করলে তা শনাক্ত হয় এবং ইরানি নৌবাহিনী সতর্কতামূলক পদক্ষেপ নেয়। এ সময় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করে সতর্কবার্তা দেওয়া হলে মার্কিন জাহাজগুলো সরে যেতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে।
তেহরান সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ আবার নেওয়া হলে তা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।



