প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১২:১৩ পিএম
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, হজযাত্রীদের ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট পরিচালিত হবে।
এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে ৩৫ জন মক্কায় এবং ১১ জন মদিনায় ইন্তেকাল করেছেন।
ফেরত আসা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২৬ হাজার ৩৬৬ জন।
এ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রীরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৯ হাজার ৯৮১ জন, সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ১১ হাজার ৩৩১ জন, ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ৭ হাজার ৭০০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৬৮২ জন দেশে ফিরেছেন।
হজ চলাকালীন ও পরবর্তী সময়ে সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৫৬ হাজার ৩১২টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৫ হাজার ৭১০টি সেবা দেওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৬২ জন হজযাত্রী। বর্তমানে ২৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত হজযাত্রীদের ফিরিয়ে আনার কার্যক্রম চলবে। নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সবাইকে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।



