রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৬:৩৪ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সংগৃহীত

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যেতে একমত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি, কৃষি, প্রযুক্তি এবং কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস, আস্থা এবং দীর্ঘদিনের সৌহার্দ্যের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বর্তমান সরকার এই সম্পর্ককে আরও কৌশলগত ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বে রূপ দিতে আগ্রহী। তিনি বিশেষ করে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন ও সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। প্রধানমন্ত্রীর মতে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এ খাতে বিদেশি বিনিয়োগ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হয়েছে। এ কারণে সৌদি আরব বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী। তিনি জানান, প্রক্রিয়াজাত খাদ্য, সামুদ্রিক খাদ্য, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।

বৈঠকে সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানেরও প্রশংসা করা হয়। একই সঙ্গে জাতিসংঘের একাশি তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান সৌদি প্রতিনিধি।

আলোচনার শেষ পর্যায়ে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আগ্রহ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠক দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!