প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০১:৫৯ পিএম
লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার ভোরে পৃথক দুটি হামলার ঘটনায় এসব হতাহতের খবর পাওয়া গেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ লেবাননের দোউয়ের শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আকস্মিক ওই হামলায় একজন নিহত এবং আরও দুজন আহত হন।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দোউয়ের এলাকা। ফলে সেখানে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠছে।
এদিকে শুক্রবার ভোরে পৃথক আরেকটি ঘটনায় একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের হাব্বুশ সড়কে চলন্ত একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে হামলা চালায়। এতে অন্তত একজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। একইসঙ্গে বাড়ছে বাস্তুচ্যুত ও উদ্বাস্তু মানুষের সংখ্যাও।



