প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৩:৩৩ পিএম
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ চারজন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় দক্ষিণ লেবাননের কাফার তেবনিত এলাকায় অবস্থানরত একটি ট্যাংক লক্ষ্য করে ড্রোন অথবা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ট্যাংকটি বিধ্বস্ত হলে ভেতরে থাকা চার সেনা সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহন, যিনি ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাকি তিন সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েল সীমান্তে হামলা-পাল্টা হামলার ঘটনা বাড়তে থাকায় পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে।
এদিকে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, শুক্রবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় অন্তত চব্বিশজন নিহত হয়েছেন। এসব হামলায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলার পর বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।
অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে সংঘাত কমাতে বিভিন্ন উদ্যোগ চললেও মাঠপর্যায়ে উত্তেজনা থামছে না। একাধিক কূটনৈতিক চুক্তি ও সমঝোতার আলোচনা চলমান থাকলেও বাস্তব পরিস্থিতিতে কোনো ধরনের স্থিতিশীলতা আসেনি বলে ধারণা বিশ্লেষকদের।
বিশ্লেষকদের মতে, সীমান্ত এলাকায় এই ধরনের পাল্টা হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং পুরো অঞ্চলজুড়ে নতুন করে অস্থিরতা সৃষ্টি হওয়ার ঝুঁকি বাড়বে।



