রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এবার আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল ভারতও

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৯:৪৫ পিএম

এবার আফগানিস্তানে ৬.২ মাত্রার  ভূমিকম্প, কাঁপল ভারতও

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় কেঁপে উঠেছে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। শনিবার সন্ধ্যায় অনুভূত এই ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। কম্পনের প্রভাব ভারতের রাজধানী নয়াদিল্লিসহ আশপাশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে এর কেন্দ্র হওয়ায় বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলক কম ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, হিন্দুকুশ অঞ্চল বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকা। ভারতীয় ও ইউরেশীয় ভূত্বকীয় পাতের সংযোগস্থলে অবস্থান করায় আফগানিস্তানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। দেশটির বিভিন্ন অঞ্চলে সক্রিয় ভূতাত্ত্বিক চ্যুতি রেখা থাকায় বড় ধরনের কম্পনের ঝুঁকিও সবসময় বিদ্যমান।

এদিকে সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানেও একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ফলে পুরো অঞ্চলজুড়ে ভূকম্পন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব না হলেও সচেতনতা বৃদ্ধি, নিরাপদ অবকাঠামো নির্মাণ এবং জরুরি প্রস্তুতি জোরদার করলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য না মিললেও পরবর্তী সম্ভাব্য কম্পনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!