রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে নিহত ২৯

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৯:৩৬ এএম

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে নিহত ২৯

ছবি: সংগৃহীত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অন্তত ২৯ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে জানান, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং সিন্ধ প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর একের পর এক হামলার জবাব হিসেবেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তার দাবি, নিহত ব্যক্তিরা পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং এর সহযোগী সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তসংলগ্ন বাজাউর অঞ্চলের বিভিন্ন আস্তানা ও অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একাধিক স্থাপনায় হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সম্প্রতি সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে সীমান্তরক্ষী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় তিনজন কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার পর গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে হামলার সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয় এবং পরবর্তী সময়ে সীমান্ত এলাকায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে তিনজন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত অবস্থায় একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি একটি নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর সহযোগী শাখার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের কর্তৃপক্ষ।

সরকারি সূত্র আরও জানিয়েছে, অভিযানে নিষিদ্ধ সংগঠনের একজন শীর্ষস্থানীয় কমান্ডারও নিহত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলে পাকিস্তানের দাবি।

গত কয়েক বছরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে কেন্দ্র করে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে এই গোষ্ঠীর সদস্যরা সীমান্ত পেরিয়ে হামলা চালাচ্ছে। যদিও আফগান কর্তৃপক্ষ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে।

সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত এলাকায় সংঘর্ষের মাত্রা আরও বেড়ে যায়। পাকিস্তানি সেনাদের ওপর হামলা, হতাহতের ঘটনা এবং সেনাসদস্য অপহরণের অভিযোগের পর দেশটি সীমান্তজুড়ে সামরিক অভিযান জোরদার করে। বর্তমান অভিযানও সেই ধারাবাহিকতার অংশ বলে জানিয়েছে পাকিস্তানের সরকার।

বিশ্লেষকদের মতে, সীমান্ত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপরও এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!