রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অংশ, ফের দাবি সেনাপ্রধানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৯:৪৩ পিএম

পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অংশ, ফের দাবি সেনাপ্রধানের

ছবি: সংগৃহীত

পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন আজাদ জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে আবারও দাবি করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। অবসরে যাওয়ার একদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওই অঞ্চল এখনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণ এবং ভারতশাসিত কাশ্মীরে অনুপ্রবেশের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে সেখানে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অবকাঠামোগত উপস্থিতিকেও ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসেবে উল্লেখ করেন তিনি।

জেনারেল দ্বিবেদী বলেন, ভারত-চীন সীমান্তে বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় শান্ত থাকলেও তা পুরোপুরি স্বস্তিদায়ক নয়। সীমান্তে উত্তেজনা কিছুটা কমলেও ভারত কোনোভাবেই আত্মতুষ্ট নয়। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে।

তার ভাষ্য অনুযায়ী, গত এক বছরে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় সীমান্ত পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন পর্যায়ে বৈঠক, সরাসরি যোগাযোগ এবং আস্থা বৃদ্ধিমূলক পদক্ষেপ সীমান্ত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করেছে। পাশাপাশি সীমান্ত বাণিজ্য, ধর্মীয় সফর এবং ভ্রমণসংক্রান্ত কিছু উদ্যোগও ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

তবে পাকিস্তানশাসিত কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে স্পষ্ট করেন তিনি। জেনারেল দ্বিবেদীর দাবি, ওই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা এখনো ভারতের জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। এ কারণে গোয়েন্দা নজরদারি, সেনা মোতায়েন, রসদ সরবরাহ এবং সীমান্ত অবকাঠামো উন্নয়নের কাজ আরও জোরদার করা হয়েছে।

চীনের বিভিন্ন অবকাঠামোগত কর্মকাণ্ড সম্পর্কেও ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের পরিবর্তন বা সম্ভাব্য হুমকি মোকাবিলায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, সীমান্তে শান্তি বজায় রাখা ভারতের অগ্রাধিকার হলেও দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী রাখাই ভারতের দীর্ঘমেয়াদি কৌশলের অংশ বলে মন্তব্য করেন তিনি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!