প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ১০:০৭ এএম
ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা দেওয়ায় গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। দেশটি মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা তাদের অন্যতম প্রধান বিমানবাহী রণতরী শার্ল দ্য গল নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ তথ্য নিশ্চিত করে জানান, পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল হওয়ায় রণতরীটি নিজ দেশের তুলোঁ নৌঘাঁটিতে ফিরে এসেছে।
ফরাসি প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার পরিবেশ সৃষ্টি হওয়ার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এ কারণেই দীর্ঘদিনের সামরিক মোতায়েনের পর বিমানবাহী রণতরীটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ফ্রান্স সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্য থেকে সামরিক উপস্থিতি সরিয়ে নেয়নি। দেশটির মাইন অপসারণকারী নৌযান এবং অন্যান্য নৌ সক্ষমতা এখনো ওই অঞ্চলে দায়িত্ব পালন করছে। প্রয়োজন দেখা দিলে এসব বাহিনী মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে প্রায় বিশটি যুদ্ধবিমান বহনকারী এই রণতরী সুয়েজ খাল অতিক্রম করে এডেন উপসাগরের দিকে যাত্রা করে। পরবর্তীতে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এটিকে প্রস্তুত রাখা হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সে সময় ফ্রান্সসহ কয়েকটি দেশ তাদের নৌবাহিনীর উপস্থিতি জোরদার করেছিল।
বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে আস্থার একটি ইতিবাচক ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এটি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের প্রচেষ্টাকেও আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিস্থিতি আবারও পরিবর্তিত হলে প্রয়োজন অনুযায়ী সামরিক প্রস্তুতি বজায় রাখার কথাও জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।



