প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:৫৯ পিএম
জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামির আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামতো অঞ্চলে। কম্পনের তীব্রতা অনুভূত হওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করে এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায়।
সরকারি সূত্রে জানানো হয়েছে, ভূমিকম্পের প্রভাবে সর্বোচ্চ এক মিটার উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে উপকূলসংলগ্ন এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে জনগণকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভূমিকম্পের পর কিউশু দ্বীপের কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি অঞ্চলের জন্য জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। এসব এলাকায় উদ্ধার ও দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।



