প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ১০:১৭ এএম
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরে একটি বাড়ি থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি কাগজের বাক্সে সংরক্ষিত অবস্থায় দেহাবশেষগুলো উদ্ধার করার পর ঘটনাটিকে ঘিরে হত্যা সন্দেহে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ৩২ বছর বয়সী এক নারী সন্তান প্রসবের পর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি চিকিৎসাকর্মীদের কাছে বাড়িতে দেখা একটি সন্দেহজনক ঘটনার কথা জানান। তিনি দাবি করেন, ওই নারীর গর্ভধারণ সম্পর্কে তিনি অনেক দেরিতে জানতে পারেন। পরে মানসিকভাবে অস্থির অবস্থায় বাড়িতে খোঁজাখুঁজি করতে গিয়ে মানুষের দেহাবশেষের মতো কিছু দেখতে পান এবং বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেন।
তথ্য পাওয়ার পর পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি কাগজের বাক্স থেকে কয়েকটি হাড় উদ্ধার করে। পরে বিশেষজ্ঞরা সেগুলো পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা দেন, এগুলো পাঁচ নবজাতকের দেহাবশেষ হতে পারে। তবে চূড়ান্ত নিশ্চিত হতে আরও বিস্তারিত বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট নারীর শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল না হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। জানা গেছে, তার পরিবারে আরও দুইটি শিশু রয়েছে। তদন্তকারীরা পরিবারের সদস্য, প্রতিবেশী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছেন।
ঘটনার পর বাড়িটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। তদন্তকারীরা বিভিন্ন আলামত সংগ্রহ করে দেহাবশেষগুলোর পরিচয়, মৃত্যুর সময় এবং মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা করছেন। এসব তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ফ্রান্সে এর আগেও নবজাতকের দেহাবশেষ উদ্ধারের কয়েকটি আলোচিত ঘটনা ঘটেছে। তবে সাম্প্রতিক এ ঘটনায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা হবে না এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে।



