রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মা-নবজাতকের চিকিৎসায় সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি নাবিলার

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬, ১১:০৬ এএম

মা-নবজাতকের চিকিৎসায় সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি নাবিলার

সংগৃহীত

অভিনয়ের বাইরে সামাজিক সচেতনতা তৈরিতেও সক্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এবার রংপুর অঞ্চলের সুবিধাবঞ্চিত মা ও নবজাতকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে দুর্গম ও চরাঞ্চলের মানুষের কাছে দ্রুত এবং মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন নাবিলা। এর আগে একটি মাতৃ ও শিশুসেবা কার্যক্রমের আওতায় রংপুর বিভাগের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেখানে চিকিৎসা নিতে আসা নারী, নবজাতকের পরিবারের সদস্য, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি এবং বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করা কিশোরীদের সঙ্গে কথা বলেন।

নাবিলা বলেন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য ও উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকা প্রয়োজন। প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী নারীদের অনেক সময় জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই এসব এলাকায় চিকিৎসাসেবা শক্তিশালী করার পাশাপাশি জটিল রোগীকে দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, শুধু অবকাঠামো থাকলেই স্বাস্থ্যসেবার মান নিশ্চিত হয় না। প্রয়োজন অনুযায়ী দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, তাদের যথাযথ প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।

মা ও নবজাতকের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে সরকারি বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়ে নাবিলা বলেন, স্বাস্থ্য খাতে তুলনামূলকভাবে সামান্য অতিরিক্ত বিনিয়োগও অনেক পরিবারের জীবন রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গর্ভকালীন চিকিৎসা, নিরাপদ প্রসব এবং প্রসবের পর মা ও শিশুর প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

একই সঙ্গে বাল্যবিয়ে ও অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি কমাতে পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তার মতে, কিশোরীদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

রংপুর ও লালমনিরহাট জেলার ৪০টি ইউনিয়নে পরিচালিত একটি মাতৃ ও শিশুসেবা প্রকল্পের কার্যক্রমও পরিদর্শন করেন নাবিলা। প্রকল্পটির মাধ্যমে নিরাপদ প্রসব, দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি এবং মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে মাতৃ ও নবজাতক মৃত্যুর ঝুঁকি কমাতে চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক সচেতনতা, দক্ষ জনবল এবং প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!