রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

একদিনে মরক্কো থেকে স্পেনে ঢুকল প্রায় ৫০ হাজার অভিবাসী

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬, ০৭:৩৪ পিএম

একদিনে মরক্কো থেকে স্পেনে ঢুকল প্রায় ৫০ হাজার অভিবাসী

সংগৃহীত

উত্তর আফ্রিকার মরক্কো সীমান্তসংলগ্ন স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় একদিনেই প্রায় ৫০ হাজার অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন। কেউ সমুদ্রপথে সাঁতরে, আবার কেউ সীমান্তের উঁচু প্রাচীর অতিক্রম করে এই ভূখণ্ডে প্রবেশ করেন। হঠাৎ বিপুলসংখ্যক মানুষের আগমনে পুরো সীমান্ত এলাকায় নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, একসঙ্গে এত মানুষের প্রবেশের কারণে সীমান্তরক্ষী বাহিনী কার্যত চাপের মুখে পড়ে। রাতভর মানুষের প্রবেশ অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এই ঝুঁকিপূর্ণ যাত্রায় এখন পর্যন্ত অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। সমুদ্রপথে প্রবল স্রোত এবং সীমান্ত অতিক্রমের সময় বিভিন্ন দুর্ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক একটি আদালতের রায়ের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। ওই রায়ে সমুদ্রপথে সেউতা বা মেলিলায় প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না বলে উল্লেখ করা হয়। এরপর থেকেই ইউরোপে প্রবেশের আশায় বিপুলসংখ্যক মানুষ সেউতার দিকে যাত্রা শুরু করেন।

উল্লেখ্য, সেউতার মোট জনসংখ্যা প্রায় ৮৪ হাজার। সেখানে একদিনেই প্রায় ৫০ হাজার মানুষের প্রবেশ স্থানীয় প্রশাসনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। আশ্রয়, খাদ্য, চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন সরকার সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে। একই সঙ্গে মরক্কোর সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে এমন অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগও চলছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!