রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্টকে ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ০৯:১৭ এএম

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্টকে ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির নিরাপত্তা খাতে ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মাদক চোরাচালান, সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র গোষ্ঠী এবং অবৈধ অভিবাসন মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম ভাষণেই দে লা এসপ্রিয়েলা দেশের অপরাধী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের কোনো অঞ্চল অপরাধীদের জন্য নিরাপদ থাকবে না। প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহার করেও রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হবে বলে তিনি স্পষ্ট করেছেন।

নতুন প্রেসিডেন্টের নিরাপত্তানীতি তার পূর্বসূরি গুস্তাভো পেত্রোর নীতি থেকে অনেকটাই ভিন্ন। পেত্রো দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত নিরসনে আলোচনা ও শান্তি প্রতিষ্ঠাকে গুরুত্ব দিয়েছিলেন। বিভিন্ন বিদ্রোহী ও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সমঝোতার মাধ্যমে সংঘাত কমানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে সমালোচকদের মতে, সেই উদ্যোগ প্রত্যাশিত ফল আনতে পারেনি এবং সাম্প্রতিক সময়ে কয়েকটি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়েছে।

অন্যদিকে দে লা এসপ্রিয়েলা অপরাধ দমনে কঠোর অভিযানকে অগ্রাধিকার দিচ্ছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগে কলম্বিয়ার যোগ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। যুক্তরাষ্ট্র তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

দে লা এসপ্রিয়েলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত। নির্বাচনের আগেই ট্রাম্প প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানিয়েছিলেন। নতুন কলম্বীয় প্রেসিডেন্টও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন।

নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই দেশের মধ্যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, কলম্বিয়ার নতুন সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধিনির্ভর কর্মসূচি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করতে পারে।

দে লা এসপ্রিয়েলার উত্থানকে লাতিন আমেরিকায় ডানপন্থী রাজনীতির নতুন জোয়ারের অংশ হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে আর্জেন্টিনা, এল সালভাদর ও ইকুয়েডরের মতো দেশেও অপরাধ দমনে কঠোর নীতির প্রতি সমর্থন বাড়ছে।

নতুন প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গেও সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিয়েছেন। এ ক্ষেত্রেও তার অবস্থান পূর্বসূরি পেত্রোর বিপরীত। পেত্রো গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন এবং একপর্যায়ে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন।

আইনজীবী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত দে লা এসপ্রিয়েলা নির্বাচনী প্রচারে নিজেকে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বাইরে থাকা একজন নেতা হিসেবে তুলে ধরেছিলেন। অপরাধ দমনে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। এখন তার নেতৃত্বে কলম্বিয়া যুক্তরাষ্ট্রঘনিষ্ঠ ডানপন্থী দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছে। ফলে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি ও আঞ্চলিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!