রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সরছে মার্কিন রণতরী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০৬:৩১ পিএম

ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সরছে মার্কিন রণতরী

ফাইল ছবি

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতের প্রভাব এবার যুক্তরাষ্ট্রের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সামরিক উপস্থিতিতেও পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর ওপর বাড়তি চাপ তৈরি হওয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের শেষ বিমানবাহী রণতরীটিও সরিয়ে নেওয়া হচ্ছে। রণতরীটি এখন মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে এবং সেখানে দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা আরেকটি রণতরীর স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে।

এর ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাময়িকভাবে কোনো মার্কিন বিমানবাহী রণতরী থাকবে না। গুরুত্বপূর্ণ এই অঞ্চলে চীনের সামরিক তৎপরতা ক্রমেই বাড়ছে। তাই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতে সাময়িক এই পরিবর্তনকে ঘিরে ওয়াশিংটনের মিত্রদের মধ্যেও উদ্বেগ তৈরি হতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ায় মার্কিন নৌবাহিনীর সদস্য ও যুদ্ধজাহাজগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকা রণতরীর কর্মীদের মানসিক স্বাস্থ্য, বিশ্রাম এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিয়েও উদ্বেগের কথা সামনে এসেছে। ফলে নতুন রণতরী পাঠিয়ে দায়িত্বের ভার কিছুটা ভাগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী সাময়িকভাবে সরে যাওয়াকে চীন নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে। বিশেষ করে তাইওয়ান ও আশপাশের জলসীমায় বেইজিংয়ের তৎপরতা আরও দৃশ্যমান হতে পারে। তবে একটি রণতরী সরে যাওয়াকে কেন্দ্র করে চীন তাৎক্ষণিকভাবে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেবে—এমন আশঙ্কা করছেন না বিশেষজ্ঞরা।

অন্যদিকে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির বিষয়ে মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ফিলিপাইনসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যৌথ সামরিক মহড়া ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে। ওয়াশিংটনের বক্তব্য, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রয়োজন অনুযায়ী সামরিক সক্ষমতা আবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিরিয়ে আনা হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!