প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০৫:১৪ পিএম
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার প্রতিযোগী সাফল্য অর্জন করেছেন। তাদের মধ্যে দুই নারী প্রতিযোগী নিজ নিজ বিভাগে তৃতীয় স্থান লাভ করে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। পুরুষদের দুটি বিভাগেও বাংলাদেশের দুই প্রতিযোগী কৃতিত্ব দেখিয়েছেন।
এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। পবিত্র কোরআন মুখস্থ করা, শুদ্ধভাবে তিলাওয়াত এবং নির্ধারিত নিয়মে পরিবেশনার দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট এক কোটি সৌদি রিয়ালের বেশি অর্থ পুরস্কার নির্ধারিত ছিল।
বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে মোহাম্মদ নুরুউদ্দিন জাকারিয়া পুরুষদের চতুর্থ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। কোরআন মুখস্থ, শুদ্ধতা ও সুরেলা তিলাওয়াতের জন্য তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮ লাখ ৮১ হাজার টাকা।
একই বিভাগের নারী প্রতিযোগীদের মধ্যে তৃতীয় হয়েছেন রাবিতা বিনতে রমজান। তার পুরস্কারের অর্থ ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ ৩০ হাজার ২০০ টাকা।
নারীদের তৃতীয় বিভাগে অসাধারণ সাফল্য পেয়েছেন মাসফিরা বিনতে মাহমুদ। সম্পূর্ণ পবিত্র কোরআন মুখস্থ, সুন্দর পরিবেশনা ও তিলাওয়াতের দক্ষতার মাধ্যমে তিনি তৃতীয় স্থান অর্জন করেন। এ সাফল্যের জন্য তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৮ লাখ ৩৪ হাজার ৪৮০ টাকা।
এদিকে পুরুষদের আরেকটি বিভাগে শেখ মোহাম্মদ মাহমুদ আল-হাসান তৃতীয় স্থান অর্জন করেছেন। সম্পূর্ণ কোরআন হিফজ ও তিলাওয়াতের জন্য তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল।
বাংলাদেশের চার প্রতিযোগীর এই সাফল্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্বকে আরও উজ্জ্বল করেছে। বিশেষ করে দুই বাংলাদেশি নারীর কৃতিত্ব পবিত্র কোরআন হিফজ ও তিলাওয়াতের ক্ষেত্রে দেশের নারীদের অসাধারণ সক্ষমতার পরিচয় দিয়েছে।



