রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে হবে কোরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ১০:৫০ এএম

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে  হবে কোরআন প্রতিযোগিতা

ছবি: সংগৃহীত

দেশের শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ আরও জোরদার করার লক্ষ্যে শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। সেই লক্ষ্যেই শিক্ষার বিভিন্ন স্তরে পবিত্র কোরআন প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পবিত্র কোরআন পাঠ, শুদ্ধ উচ্চারণ ও ধর্মীয় জ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধ বিকাশে উৎসাহিত করা হবে।

সরকারের এই উদ্যোগের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানিয়েছেন মন্ত্রী। শিক্ষার্থীদের মধ্যে পারিবারিক মূল্যবোধ, নৈতিকতা এবং ধর্মীয় চেতনা জোরদার করার জন্য শিক্ষার সামগ্রিক কার্যক্রমের সঙ্গে এসব উদ্যোগকে সমন্বয় করা হবে।

এর আগে গত ১৮ জুন শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, শিক্ষার সব ক্ষেত্রেই সরকার সমন্বিতভাবে কাজ করছে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের নৈতিক চরিত্র ও মূল্যবোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষাক্ষেত্রে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানোর অংশ হিসেবে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে প্রতিযোগিতার আয়োজনের সময়সূচি, অংশগ্রহণের নিয়ম, কোন কোন শ্রেণির শিক্ষার্থী এতে অংশ নিতে পারবে এবং জাতীয় পর্যায়ে বাছাইয়ের পদ্ধতি—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে জানানো হবে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব রয়েছে। সেই বিবেচনায় পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের এই উদ্যোগ শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান ও মূল্যবোধ চর্চায় নতুন সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!