রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সৌদির

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ০৮:৪৯ পিএম

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সৌদির

সংগৃহীত

সৌদি আরব এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি করেছে। তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট গঠনের মাত্র দুই সপ্তাহের মধ্যে ইউরোপের অন্যতম প্রধান সামরিক শক্তি ফ্রান্সের সঙ্গে এই চুক্তি করল রিয়াদ। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে সৌদি আরবের প্রতিরক্ষা অংশীদারত্ব আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে চুক্তিটি স্বাক্ষরিত হয়। সৌদি আরবের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফ্রান্সের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভৌত্রিন এতে স্বাক্ষর করেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।

নতুন চুক্তির আওতায় দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক শিল্প, প্রশিক্ষণ ও শিক্ষার পাশাপাশি সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সামরিক সক্ষমতা নিয়েও সহযোগিতার সুযোগ তৈরি হবে।

দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রতিরক্ষা ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা আরও বাড়তে পারে।

এর আগে চলতি মাসের ৭ আগস্ট তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে যুক্ত হয় সৌদি আরব। মক্কায় চুক্তি স্বাক্ষরিত হওয়ায় জোটটি ‘মক্কা জোট’ নামে পরিচিতি পেয়েছে। ওই উদ্যোগের পর এবার ফ্রান্সের সঙ্গে নতুন প্রতিরক্ষা অংশীদারত্ব স্থাপন করল দেশটি।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন চুক্তিটি দুই দেশের বিদ্যমান সহযোগিতার পরিধি আরও বাড়াবে। একই সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা বিষয়ে যৌথ উদ্যোগ এবং বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের মাধ্যমে উভয় দেশের জাতীয় সক্ষমতা শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন এবং সৌদি আরবের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টার মধ্যে ফ্রান্সের সঙ্গে এই চুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে। একই সময়ে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বাড়িয়ে নিজেদের কৌশলগত অবস্থানও শক্তিশালী করছে রিয়াদ।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!