রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্যারিসের সারসেলে প্রবাসী উৎসবে মাতাবেন জেমস

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৬, ১০:০৪ পিএম

প্যারিসের সারসেলে প্রবাসী উৎসবে মাতাবেন জেমস

ফাইল ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠের সারসেল শহরে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। দিনব্যাপী এ উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে মঞ্চে গান শোনাবেন দেশের জনপ্রিয় রকসংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। তাঁকে ঘিরে ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের পরিচয় তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও দৃঢ় করাও এই উৎসবের অন্যতম উদ্দেশ্য।

দুপুর থেকে রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে জেমসের পরিবেশনার পাশাপাশি স্থানীয় শিল্পীরাও সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। নারী ও শিশুদের জন্য থাকবে বিভিন্ন প্রতিযোগিতা এবং বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।

উৎসবস্থলে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক, হস্তশিল্প ও দেশীয় পণ্যের নানা প্রদর্শনী থাকবে। এতে প্রবাসীরা দেশের পরিচিত স্বাদ ও সংস্কৃতির ছোঁয়া অনুভব করার সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকেরা।

দর্শনার্থীদের জন্য সাধারণ ও বিশেষ প্রবেশ টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি থাকছে আকর্ষণীয় র‌্যাফেল ড্র, যেখানে প্রধান পুরস্কার হিসেবে একটি বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি দেওয়া হবে।

অনুষ্ঠানকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে স্থানীয় প্রশাসনের অনুমোদনের পাশাপাশি নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ফরাসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করবেন প্রশিক্ষিত নিরাপত্তাকর্মীরা। আয়োজকদের আশা, বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে এবারের উৎসব ইউরোপে বাংলা সংস্কৃতি চর্চার অন্যতম স্মরণীয় আয়োজন হিসেবে স্থান করে নেবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!