প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৪:১৮ পিএম
বাংলা গানের জীবন্ত কিংবদন্তি জেমস আবারও প্রস্তুত হচ্ছেন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে শ্রোতাদের মুগ্ধ করতে। দীর্ঘ প্রায় দুই মাসব্যাপী ইউরোপ সফরে যাচ্ছেন এই জনপ্রিয় শিল্পী। সফরকালে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের জন্য একাধিক সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন তিনি।
অনেক দিন ধরেই জেমসের ইউরোপ সফরের খবর আলোচনায় ছিল। তবে এতদিন সফরের নির্দিষ্ট সময়সূচি ও আয়োজনের স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সফরসূচির মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে। জানা গেছে, ইউরোপের ছয়টি গুরুত্বপূর্ণ শহরে অনুষ্ঠিত হবে তার সঙ্গীত পরিবেশনা।
সফরের সূচনা হবে যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে। আগামী ২৫ জুলাই সেখানে অনুষ্ঠিত হবে প্রথম অনুষ্ঠান। এরপর ধারাবাহিকভাবে ২৬ জুলাই পর্তুগালে, ৯ আগস্ট সাইপ্রাসে, ১৬ আগস্ট রোমে, ২২ আগস্ট ভেনিসে এবং ৫ সেপ্টেম্বর সুইডেনে মঞ্চে উঠবেন তিনি। প্রতিটি আয়োজনকে ঘিরে ইতোমধ্যে প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
জেমসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, ইউরোপের বিভিন্ন শহরে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষদের উপস্থিতিতে প্রতিটি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিভিন্ন স্থানের টিকিট বিক্রিও শুরু হয়েছে বলে জানা গেছে।
এর আগে উত্তর আমেরিকায় সঙ্গীত পরিবেশন করতে গিয়ে অভাবনীয় সাড়া পেয়েছিলেন জেমস। নির্ধারিত সংখ্যার চেয়ে অনেক বেশি অনুষ্ঠানে অংশ নিতে হয়েছিল তাকে। ভক্তদের বিপুল আগ্রহ এবং উপস্থিতির কারণে সফরের পরিধিও বেড়ে যায়। সেই অভিজ্ঞতার আলোকে এবার ইউরোপ সফর নিয়েও বেশ আশাবাদী আয়োজক ও ভক্তরা।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পীর প্রতিটি বিদেশ সফরই ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন সংগীতপ্রেমীরা। ইউরোপের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাঙালিরা ইতোমধ্যে অপেক্ষা শুরু করেছেন তাদের প্রিয় শিল্পীর কণ্ঠে সরাসরি গান শোনার জন্য।



