রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রোমে নগরবাউল জেমসের বিরুদ্ধে ৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ০৮:৫৫ পিএম

রোমে নগরবাউল জেমসের বিরুদ্ধে ৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগ

সংগৃহীত

ইতালির রাজধানী রোমে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের ব্যান্ড ‘নগরবাউল’-এর বিরুদ্ধে ৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগ করা হয়েছে। বাংলাদেশি ব্যবসায়ী আবুল মোয়াজ ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকার বেশি।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, রোম ও ভেনিসে আয়োজিত হওয়ার কথা থাকা দুটি অনুষ্ঠানের জন্য ওই অর্থ পরিশোধ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে আয়োজক পক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

অভিযোগে সংগীত দলের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রুবাইয়াত ঠাকুরের নামও উল্লেখ করা হয়েছে। আবুল মোয়াজের দাবি, তার সঙ্গে অনুষ্ঠানের বিষয়ে চুক্তি সম্পাদন এবং অর্থ লেনদেনের পরই বিরোধের সূত্রপাত হয়। তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলো এখনো তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি।

নথি অনুযায়ী, গত ৯ থেকে ২১ আগস্টের মধ্যে ঘটনাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ২১ আগস্ট রোমের সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়। অভিযোগকারী ঘটনার বিস্তারিত তুলে ধরে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে জেমস কিংবা তার ব্যবস্থাপনা দলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা সম্পর্কে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। পুলিশের তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ায় অভিযোগের প্রকৃত বিষয়টি স্পষ্ট হতে পারে।

এদিকে আর্থিক অভিযোগের পাশাপাশি ইতালিতে জেমসের দলকে ঘিরে আরেকটি বিষয় নিয়েও আলোচনা তৈরি হয়েছে। রোমের একটি আবাসিক হোটেল কর্তৃপক্ষ অভিযোগ করেছে, দলের সদস্যদের জন্য বরাদ্দ করা কয়েকটি কক্ষ ব্যবহারের পর অত্যন্ত অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়।

হোটেল কর্তৃপক্ষের দাবি, চারটি আবাসনের মধ্যে একটি কক্ষের অবস্থা সবচেয়ে বেশি খারাপ ছিল। সেটি পরিষ্কার করতে অতিরিক্ত ব্যবস্থা নিতে হয়েছে। এ কারণে হোটেলের নিয়ম অনুযায়ী ২০০ ইউরো জরিমানাও করা হয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

তবে আর্থিক প্রতারণার অভিযোগ এবং হোটেলসংক্রান্ত অভিযোগ দুটি পৃথক বিষয়। প্রথম অভিযোগের ক্ষেত্রে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী হিসেবে চিহ্নিত করা আইনগতভাবে সমীচীন নয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!