রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যুৎ-পানি সংকটে করাচিতে বিক্ষোভ, অচল নগরজীবন

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৬, ১১:১৫ এএম

বিদ্যুৎ-পানি সংকটে করাচিতে বিক্ষোভ, অচল নগরজীবন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে তীব্র বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটের প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। সোমবারও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নতুন করে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এতে শহরের প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ ও পানির সংকটে ক্ষুব্ধ সাধারণ মানুষ বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে আসায় করাচির নাগরিক জীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। সড়ক অবরোধের কারণে হাজারো যাত্রীকে দীর্ঘ সময় যানবাহনের মধ্যে আটকে থাকতে হয়েছে। এমনকি জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও যানজটে আটকা পড়েছে বলে জানা গেছে।

দেশটির ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে গুড লাক ম্যারেজ হলের কাছে মাংঘোপির সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে লিয়ারি মহাসড়কের টোল প্লাজার দিকে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। আশপাশের লাসবেলা চক, নিস্তার সড়ক, গুরুমন্দির, তিন হাট্টি ও নাজিমাবাদ এলাকাতেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এদিকে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দারুল উলুম কোরাঙ্গির কাছে একটি বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে বিক্ষোভকারীরা কোরাঙ্গি ও মুর্তাজা চৌরাঙ্গির মধ্যবর্তী ৮ হাজার সড়কের দুই দিক অবরোধ করেন। ফলে ওই এলাকাতেও যান চলাচল দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয়।

করাচির নাগরিক সেবার দুরবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি পর্যাপ্ত পানি না পাওয়ায় নগরবাসীর ক্ষোভ আরও বেড়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়মিত বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে পানি সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

তবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংকটের জন্য ব্যাপক বিল খেলাপি ও বিদ্যুৎ চুরিকে দায়ী করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের দাবি, শরাফি গোথ, গরীবাবাদ ও পাক কলোনির মতো এলাকায় বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহে লোকসানের হার ৮০ শতাংশেরও বেশি বলে দাবি করা হয়েছে।

বিদ্যুৎ সংকটের কারণ নিয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে ভিন্নতা থাকলেও বিক্ষোভের কারণে করাচির জনজীবনে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট বাড়ায় কর্মজীবী মানুষ, যাত্রী ও জরুরি সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও দুর্ভোগে পড়েছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!