প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১১:৩৩ এএম
ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন নীতি যখন ক্রমেই কঠোর হচ্ছে, তখন ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে স্পেন। দেশটি প্রায় পাঁচ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধতার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে।
স্পেন সরকারের এ উদ্যোগ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অনুমোদনের পর কার্যকর হতে যাচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা আইনি স্বীকৃতি পাওয়ার সুযোগ পাবেন।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আবেদনকারীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে। পরবর্তী সময়ে এটি স্থায়ী বসবাসের সুযোগে রূপ নিতে পারে। আবেদন করতে হলে কমপক্ষে পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড না থাকার শর্ত রাখা হয়েছে। আগামী ১৬ এপ্রিল থেকে জুন মাসের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
বৈধতা পেলে এসব অভিবাসী কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।
সরকারের মতে, এসব অভিবাসী ইতোমধ্যেই স্পেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি বার্ধক্যজনিত জনসংখ্যা ও শ্রম সংকট মোকাবিলায় তাদের ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে।
তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, এতে অবৈধ অভিবাসনের প্রবণতা আরও বাড়তে পারে। অন্যদিকে কিছু ধর্মীয় ও সামাজিক সংগঠন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।



