রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিরাপদ অভিবাসনে আন্তর্জাতিক সমন্বয় বাড়ানোর তাগিদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০১:১৮ পিএম

নিরাপদ অভিবাসনে আন্তর্জাতিক সমন্বয় বাড়ানোর তাগিদ

ছবি: সংগৃহীত

অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং অভিবাসীদের ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামের সাধারণ আলোচনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ একটি সমন্বিত সরকার ও সমাজভিত্তিক পদ্ধতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াচ্ছে। পাশাপাশি অভিবাসীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, নিরাপদ, নিয়মিত ও শৃঙ্খলিত অভিবাসন নিশ্চিত করতে বৈশ্বিক অভিবাসন চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি ২০২৬ থেকে ২০৩০ মেয়াদের জন্য জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, আগের প্রতিশ্রুতিগুলোর বেশিরভাগই ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং নতুন আরও কিছু প্রতিশ্রুতি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ কয়েকটি আঞ্চলিক উদ্যোগেও অংশ নিয়েছে।

জলবায়ু পরিবর্তনকে অভিবাসন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন ও কারিগরি সহায়তা বাড়ানোর আহ্বান জানান। শেষে তিনি নিরাপদ অভিবাসন ও টেকসই উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!