রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বকেয়া পরিশোধ ছাড়াই নতুন ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ১১:৩৩ পিএম

বকেয়া পরিশোধ ছাড়াই নতুন ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

ছবি: প্রতীকী

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চামড়া খাতের ব্যবসায়ীদের জন্য ঋণ সুবিধায় বড় ধরনের ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৫ মে) জারি করা এক বিশেষ সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে আগের ঋণের বকেয়া কিস্তি পরিশোধ না করেই নতুন ঋণ নিতে পারবেন চামড়া ব্যবসায়ীরা।

সার্কুলারে বলা হয়েছে, যেসব ব্যবসায়ীর ঋণ আগে পুনঃতফসিল বা রিসিডিউল করা হয়েছে, তাদের ক্ষেত্রে নতুন ঋণ নিতে পূর্বের বকেয়ার অংশবিশেষ পরিশোধের বাধ্যবাধকতা সাময়িকভাবে তুলে দেওয়া হয়েছে। এই বিশেষ সুবিধা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, চামড়া শিল্প দেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাত। কোরবানির ঈদকে ঘিরেই এই খাতের প্রধান কাঁচামাল সংগ্রহ করা হয়। তাই এই সময়ে ব্যবসায়ীদের হাতে পর্যাপ্ত অর্থপ্রবাহ নিশ্চিত করা জরুরি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া দেশের সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা দ্রুত চামড়া খাতের ব্যবসায়ীদের জন্য চলতি মূলধন ঋণ অনুমোদন ও বিতরণ করে। বিশেষভাবে তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র সংগ্রাহকদের গুরুত্ব দিতে বলা হয়েছে, যেন শুধু বড় ব্যবসায়ী বা ট্যানারি মালিকদের মধ্যেই এই সুবিধা সীমাবদ্ধ না থাকে।

এদিকে ২০২৬ সালের জন্য চামড়া খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা গত বছরের তুলনায় কোনোভাবেই কম রাখা যাবে না। এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।

এই উদ্যোগের ফলে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে গতি আসবে এবং মাঠ পর্যায়ের মৌসুমি ব্যবসায়ীরা ন্যায্য দাম পাবেন—এমনটাই আশা করা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!