প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১১:২৩ এএম
টানা চার দফা দাম কমানোর পর দেশের বাজারে আবারও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।
শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হবে ৫ হাজার ১৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা।
এর আগে গত ১১ জুন রুপার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫৮ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত ৪৫ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৩ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে।
এদিকে একই সঙ্গে স্বর্ণের দামও বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।



