প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:৫৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনের ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডাদেশও দিয়েছেন বিচারক।
সোমবার (৯ ফেব্রুয়ারি) পঞ্চগড়-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. মিনহাজুর রহমান এই জরিমানা দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকায় এক উঠান বৈঠকে এম এ মজিদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ধানের শীষের বাইরে ভোট দিলে খুঁজে খুঁজে ব্যবস্থা নেওয়া হবে।” এ বক্তব্যে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং আক্রমণ বা সহিংসতার আশঙ্কা তৈরি হয়, যা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের পরিপন্থী।
শাপলা কলি প্রতীকের নির্বাচনি এজেন্ট মো. নাসির উদ্দীন অভিযোগটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে দায়ের করেন। রিটার্নিং কর্মকর্তার কাছে দায়েরকৃত অভিযোগ, ভিডিও ফুটেজ, লিখিত জবাব ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগটি গ্রহণ করে। প্রাথমিকভাবে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ লঙ্ঘনের উপাদান পাওয়া যায়।
শুনানি শেষে আদালত উল্লেখ করেন, The Code of Criminal Procedure, 1898 এর ২২ নং অধ্যায়ের বিধান অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় এম এ মজিদকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ-৭৭ (৩) (খ) অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়েছে। তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালত আরও আদেশ দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে রশিদ আদালতে দাখিল করতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



