রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রেমের টানে ফেনীতে ফিলিপাইনের তরুণী

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৭:২৯ পিএম

প্রেমের টানে ফেনীতে ফিলিপাইনের তরুণী

ছবিঃ সংগৃহীত

ভালোবাসা যে কোনো সীমা মানে না— এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ফিলিপাইনের তরুণী জেনি। প্রেমের টানে হাজার মাইল দূরের দেশ থেকে বাংলাদেশে এসে ফেনীর এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

বুধবার (৪ মার্চ) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় কালী মন্দিরে সনাতন ধর্মীয় রীতি অনুসারে জেনি ও সুজন পালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বর সুজন পাল (৩৪) নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের হিরলাল পালের ছেলে। কাজের সূত্রে তিনি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ছিলেন। সেখানে ২০১৮ সালে ফিলিপাইনের তরুণী জেনি (৩২)-এর সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নেয়। প্রায় আট বছরের সম্পর্কের পর তারা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই জেনি বাংলাদেশে এসে বিয়েতে সম্মতি দেন। পরে ফেনীর কালী মন্দিরে আয়োজন করা হয় তাদের বিয়ের অনুষ্ঠান।

জেনি জানান, দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পাওয়ায় তিনি খুবই আনন্দিত। বাংলাদেশে এসে তার অভিজ্ঞতাও ছিল সুখকর। তিনি বলেন, ‘দীর্ঘ সময়ের সম্পর্কের পর অবশেষে এখানে বিয়ে করতে পেরে আমি খুব খুশি। বাংলাদেশের মানুষ, পরিবেশ ও আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।’

অন্যদিকে সুজন পাল বলেন, ‘আট বছরের সম্পর্কের পর আমরা আজ একসঙ্গে নতুন জীবন শুরু করলাম। আমরা সবসময় একে অপরের পাশে থাকতে চাই। আমাদের নতুন জীবনের জন্য সবার আশীর্বাদ কামনা করছি।’

বিয়ে পরিচালনাকারী পুরোহিত নিমাই চন্দ্র চক্রবর্তী জানান, দুজনের পারস্পরিক ভালোবাসা এবং উভয় পরিবারের সম্মতিতে হিন্দু ধর্মীয় বিধি মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!