প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:০৬ পিএম
রাজধানীতে তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করতে গিয়ে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোতাহার হোসেন। এ সময় তিনজন ছিনতাইকারী তার কাছ থেকে একটি দামি মুঠোফোন, নগদ অর্থসহ মানিব্যাগ এবং হাতঘড়ি ছিনিয়ে নেয়।
শনিবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের পাশের শহীদ ফাইয়াজ চত্বরে হাঁটাহাটি করার সময় এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ছিনতাইকারীরা তার মুঠোফোনের গোপন সংখ্যা জানতে চাইলে ভয়ভীতি প্রদর্শন করে। তারা ধারালো অস্ত্র দেখিয়ে তাকে আঘাত করে এবং বাম চোখে ঘুষি মেরে জখম করে। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি গোপন সংখ্যা জানিয়ে দেন। এরপর ছিনতাইকারীরা একটি অটোরিকশায় করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন তার স্টাফ কর্মকর্তা জাবেদ হোসেন সজল।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখনো অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি, তবে দ্রুত তাদের গ্রেপ্তার করা যাবে বলে আশা করছেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়েছে, তারাবির নামাজ শেষে মোতাহার হোসেন ওই এলাকায় হাঁটাহাটি করছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিনজন ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরে ভয় দেখিয়ে একটি দামি মুঠোফোন, প্রায় বিশ হাজার টাকা ভর্তি মানিব্যাগ এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ছিনতাই হওয়া মুঠোফোনের অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পরে মোহাম্মদপুর থানার টহল দল তাজমহল সড়কে গিয়ে সন্দেহভাজনদের আটক করার চেষ্টা চালায়। তবে তারা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
উল্লেখ্য, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।



