রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ছেলে সহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১০:০৬ পিএম

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ছেলে সহ ৩ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। সর্বশেষ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দগ্ধ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় লিয়ন মোল্লার মৃত্যু হয়।

এর আগে শনিবার একই দুর্ঘটনায় লিয়নের বাবা আরফান মোল্লা ও বিদ্যুৎকর্মী সাদিকুর রহমান প্রাণ হারান। নিহত তিনজনের বাড়িই রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের একই এলাকায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার নির্মাণাধীন ভবনের ছাদে লোহার পাইপ বসানোর কাজ চলছিল। এ সময় বাড়ির মালিক আরফান মোল্লা পাইপ স্থাপন করতে গিয়ে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শে চলে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছেলে লিয়ন মোল্লা ও কাজের সঙ্গে থাকা বিদ্যুৎকর্মী সাদিকুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন। ঘটনাস্থলেই আরফান মোল্লার মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদিকুর রহমানের মৃত্যু হয় এবং রোববার দুপুরে লিয়ন মোল্লাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সবজেল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা–ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে আরফান মোল্লা ও তার ছেলে লিয়ন মোল্লাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!