রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

মোতাহের উদ্দিন (চবি প্রতিনিধি)

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১০:৪২ এএম

চবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

ছবিঃ প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলের গেটে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বিবদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম।

নিহত আরিফ হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

হল সংসদ সূত্রে জানা যায়, রাতে আব্দুর রব হলের গেটে নিজ বিভাগের ব্যানার টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আরিফ। এ সময় তিনি বিদ্যুতের তারে ঝুলে ছিলেন। পরে হলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করা হয়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং পরে এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, “প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। চবি মেডিকেল থেকে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই ছোট ভাইটি আমাদের ছেড়ে চলে যায়।”

মৃত্যুর বিষয় নিশ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম রাত ১০টা ৫০ মিনিটে জানান, রাত ১০টা ৪৫ মিনিটে হাসপাতালে নেওয়ার পর শিক্ষার্থীটির মৃত্যু হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!