রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরে বাসচাপায় বৃদ্ধ নিহত, আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৯:১২ পিএম

দিনাজপুরে বাসচাপায় বৃদ্ধ নিহত, আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, ফলে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বুধবার দুপুর ১২টার দিকে ফুলবাড়ী উপজেলার বারোকোনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি (৬৫) ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মহাসড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে সড়কে অবস্থান নেন। এতে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ মহাসড়কের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়ে। যাত্রী ও চালকদের দুর্ভোগ বাড়তে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এতে আড়াই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আব্দুল লতিব জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পালিয়ে যাওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!