রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইউএনওকে যাত্রী ভেবে বাড়তি ভাড়া দাবি, বিপাকে চালক

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০১:০০ পিএম

ইউএনওকে যাত্রী ভেবে বাড়তি ভাড়া দাবি, বিপাকে চালক

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদযাত্রায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান চালিয়ে দুই অটোরিকশাচালককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ মার্চ) দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানের মূল উদ্দেশ্য ছিল ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধ করা।

অভিযান চলাকালে মাহেন্দ্র স্ট্যান্ডে দুই চালক ইউএনওকে সাধারণ যাত্রী মনে করে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একই সময়ে বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় আরও কয়েকজন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি টাকা ফেরত দেওয়া হয়।

এ ঘটনায় মাহেন্দ্র স্ট্যান্ডের দুই চালককে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও সাথী দাস বলেন, যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় বরদাস্ত করা হবে না। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঘাট এলাকায় প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!