প্রকাশিত: মে ১, ২০২৬, ০৪:৪২ পিএম
মানিকগঞ্জের হরিরামপুরে জেলের জালে ধরা পড়েছে বড় আকৃতির গজার মাছ, যা ঘিরে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বাহিরচর গ্রামে জলাবদ্ধ ইছামতি নদীর একটি কুমে জেলে মুনজেরের জালে একসঙ্গে চারটি গজার মাছ ধরা পড়ে। এর মধ্যে সবচেয়ে বড়টির ওজন প্রায় পাঁচ কেজির বেশি বলে জানিয়েছেন তিনি।
জেলে মুনজের জানান, ইছামতি নদীতে দীর্ঘদিন ধরে পানির প্রবাহ কমে গিয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বাঁধ ও দূষণের কারণে নদীর স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হলেও এখানে গজার মাছের উপস্থিতি বেড়েছে বলে তার ধারণা। এর আগেও ৭-৮ কেজি ওজনের গজার মাছ ধরা পড়েছিল বলে তিনি জানান।
ধরা পড়া মাছগুলো আন্ধারমানিক আড়তে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। বড় গজার মাছটি তিন হাজার একশত টাকায় নিপেন ও তপার কাছে বিক্রি করা হয়েছে। দুই হাতের বেশি লম্বা এই মাছ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন জেলে মুনজের।
আড়তের পাইকারি ব্যবসায়ী নিপেন ও তপা জানান, এত বড় গজার মাছ সচরাচর পাওয়া যায় না। এটি পাইকারি দরে কিনেছেন এবং বাজারে বিক্রি করলে ভালো লাভের আশা করছেন।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল হক ইকরাম বলেন, ইছামতি নদীসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে মাঝে মাঝে বড় আকারের মাছ ধরা পড়ে। জেলেদের উন্নয়ন ও সহায়তায় তারা নিয়মিত কাজ করছেন বলেও জানান তিনি।
স্থানীয়দের মতে, ইছামতির জলাবদ্ধতা পরিবেশের জন্য উদ্বেগজনক হলেও মাঝে মাঝে এমন বড় মাছ ধরা পড়ার ঘটনা কৌতূহল সৃষ্টি করছে।



