প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৫:১৫ পিএম
মানিকগঞ্জের সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজারসংলগ্ন পুরাতন ট্রলারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে গোসল করতে নামার পর হঠাৎ করেই তারা পানিতে তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন কিছু সময় নিখোঁজ ছিলেন। পরে তাকেও উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় দুজনকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, উদ্ধারকাজ শেষে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।



