প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:৪১ এএম
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে পর্যায়ক্রমে এসব জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। পরে সকাল ৮টা ৪৫ মিনিটে একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এই জামাতগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। প্রথম জামাতে সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, এরশাদ উল্লাহ এবং নগর পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতাকে অংশ নিতে দেখা যায়।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম জিমনেসিয়াম মাঠে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ছাড়াও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈদের জামাতের আয়োজন করা হয়। এর মধ্যে লালদীঘির পাড়ের চসিক শাহি জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (রহ.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকার জামে মসজিদ, চকবাজার চসিক জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী আবাসিক এলাকার জামে মসজিদ, আরেফিননগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ উল্লেখযোগ্য।
সব মিলিয়ে নগরজুড়ে ধর্মীয় আবহ ও উৎসবের আনন্দে মুখর হয়ে ওঠে ঈদের দিন।



