প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৪:৪২ পিএম
ঈদের ছুটিতে ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা। নাড়ির টানে গ্রামে ছুটে গেছেন লাখো মানুষ। ফলে চিরচেনা যানজট, কোলাহল আর হর্নের শব্দহীন এক শান্ত ও স্নিগ্ধ রূপে দেখা দিয়েছে রাজধানী। জনশূন্য সড়কে বইছে নির্মল বাতাস, যা নগরবাসীর কাছে এক ভিন্ন স্বস্তির অনুভূতি এনে দিয়েছে।
রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর, ফার্মগেট ও শাহবাগ এখন অনেকটাই নিরিবিলি। গণপরিবহণের চাপ কম থাকায় স্বল্প সময়েই দীর্ঘ পথ অতিক্রম করা যাচ্ছে। প্রয়োজনীয় কাজে যারা বের হচ্ছেন, তাদের মুখে স্বস্তির ছাপ স্পষ্ট।
উত্তরা থেকে মতিঝিলে আসা সায়ান জানান, সাধারণ সময়ে এই পথ পাড়ি দিতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। অথচ ঈদের ছুটিতে মাত্র বিশ মিনিটেই গন্তব্যে পৌঁছাতে পেরেছেন তিনি। ফাঁকা সড়ক দেখে বিস্ময়ও প্রকাশ করেন তিনি।
এদিকে যানজট কমে যাওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যরাও। নিয়মিত দায়িত্ব পালন অব্যাহত থাকলেও শব্দদূষণ ও যানবাহনের চাপ কম থাকায় তাদের কাজের পরিবেশ এখন অনেকটাই স্বস্তিদায়ক।
সব মিলিয়ে ঈদের ছুটিতে ব্যস্ত নগরী ঢাকা যেন ফিরে পেয়েছে তার নীরব ও প্রশান্ত এক ভিন্ন রূপ।



