প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৬:০০ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলায় তীব্র গরমে অসুস্থ হয়ে এনায়েতুল করিম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সুন্দইল এলাকার একটি জ্বালানি তেল বিক্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত এনায়েতুল করিম বীরগঞ্জ উপজেলার সাতোঁর ইউনিয়নের সাতোঁর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে জ্বালানি তেল নেওয়ার জন্য সুন্দইলের একটি পাম্পে প্রবেশ করেন। সেখানে দীর্ঘসময় তীব্র রোদের মধ্যে অপেক্ষা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
একপর্যায়ে তিনি মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার বর্মন জানান, তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



