প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:৩৩ এএম
সকালের নীরবতা ভেঙে দেশের সড়কে আবারও ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ঢাকাগামী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুজন, আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস বিরামপুরের চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাককে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
দুর্ঘটনায় নিহত দুই যাত্রীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ছয়জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তার নাম মোশারফ হোসেন বাবুল, তিনি বাসের যাত্রী ছিলেন এবং তার বাড়ি পঞ্চগড়ে। অপরজন বাসচালকের সহকারী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।



